Logo
Logo
×

খেলা

সংবাদ সম্মেলন ডাকলেন তামিম

Icon

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম

সংবাদ সম্মেলন ডাকলেন তামিম

মাত্র এক ঘণ্টার নোটিশে সংবাদ সম্মেলন ডেকেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। বিকেল সাড়ে ৪টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে জাতীয় দলের সাবেক এই ওপেনারের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

তবে সংবাদ সম্মেলনের নির্দিষ্ট কোনো কারণ জানায়নি ক্রিকেট বোর্ড। জানা গেছে, সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েই কথা বলবেন তামিম। এর মধ্যে বিসিবির অধীনে নতুন একটি টুর্নামেন্টের ঘোষণা আসার সম্ভাবনাও রয়েছে।

জানা গেছে, নতুন এই আয়োজনের সবকিছু আজই চূড়ান্ত হয়েছে। চলতি বছর থেকেই ছয়টি করপোরেট হাউজকে নিয়ে শুরু হতে পারে টুর্নামেন্টটি। প্রতিযোগিতায় তিন সংস্করণে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে—চার দিনের ক্রিকেট, ওয়ানডে ও টি-টোয়েন্টি।

নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে খেলোয়াড়দের রাখাই এই টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে ক্রিকেটাররা যাতে আর্থিকভাবেও লাভবান হতে পারেন, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, খেলোয়াড়দের পারিশ্রমিকের একটি অংশ বহন করবে সংশ্লিষ্ট করপোরেট হাউজ এবং বাকি অংশ দেবে বিসিবি। শুধু এ বছর নয়, ভবিষ্যতেও প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তবে নতুন এই প্রতিযোগিতা চালু হলেও বিসিবির নিয়মিত অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টগুলো আগের মতোই চলবে বলে জানা গেছে। এখন তামিম ইকবালের সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে কি না, সেটিই দেখার বিষয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন