Logo
Logo
×

খেলা

ছিটকে গেলেন বাবর, সালমান অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:২৯ পিএম

ছিটকে গেলেন বাবর, সালমান অধিনায়ক

বাবর আজম। ছবি: সংগৃহীত

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক বাবর আজম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। বুধবার হেডিংলিতে শুরু হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ডের টেস্ট। সালমান আগা বাবরের জায়গায় পাকিস্তানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত সপ্তাহে কাউন্টি সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পেসার ম্যানি লামসডেনের বলে ডান হাতে আঘাত পান বাবর। এরপর দ্রুত মাঠ ছাড়েন তিনি।

এর আগে চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও একই হাতে আঘাত পেয়েছিলেন বাবর। সোমবার হেডিংলেতে নেটে অল্প সময় ব্যাটিং করলেও এখনো প্রথম টেস্টের জন্য তাকে পুরোপুরি ফিট ঘোষণা করা হয়নি। যদিও পরীক্ষায় তার মধ্যমা আঙুলে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি, আঙুলে সামান্য ফোলা রয়েছে।

মঙ্গলবার হেডিংলেতে পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বাবর আজম প্রথম টেস্টে খেলছে না। সালমান প্রথম টেস্টে অধিনায়কত্ব করবে। আঙুলে ফ্র্যাকচার হয়নি, সামান্য ফোলা আছে। আশা করছি, দ্বিতীয় টেস্টে সে খেলার জন্য প্রস্তুত থাকবে।’

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছর পর টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে নামতে যাওয়া পাকিস্তানের জন্য বাবরের অনুপস্থিতি বড় ধাক্কা। ব্যাট হাতেও দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ৬৮ টেস্টে তার রয়েছে ৯টি সেঞ্চুরি, আর ক্যারিয়ার ব্যাটিং গড় ৪৩.৬৮।

বাবরের জায়গায় একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শৌদ শাকিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ দুই টেস্টের সিরিজে তিনি দলে ছিলেন না। সেই সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল।

২০২৪ সালে নিজেদের মাটিতে বাবরকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুটি টেস্ট জিতেছিল পাকিস্তান। তবে লিডসের হেডিংলির উইকেট মুলতান ও রাওয়ালপিন্ডির স্পিন সহায়ক পিচের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ইংল্যান্ডের কন্ডিশনে বাবরের অনুপস্থিতি পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন