ম্যাচ ফিক্সিংসহ আইসিসির দুর্নীতিবিরোধী বিধির তিনটি ধারা লঙ্ঘনের অপরাধে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অখিলেশ রেড্ডি।
আজ সোমবার এক বিবৃতিতে এমনটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় বংশোদ্ভূত অখিলেশের শাস্তি গত বছরের নভেম্বর থেকে শুরু হয়েছে।
অখিলেশের বিরুদ্ধে অভিযোগগুলো ২০২৫ সালের আবুধাবি টি-টেন টুর্নামেন্ট ঘিরে। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট তাকে যে তিন বিধি ভঙ্গের জন্য শাস্তি দিয়েছে তা নিচে তুলে ধরা হলো।
ধারা ২.১.১: ২০২৫ আবুধাবি টি-টেন টুর্নামেন্টের ম্যাচগুলোর ফলাফল, অগ্রগতি, পরিচালনা বা অন্য কোনো দিককে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা অথবা এমন ষড়যন্ত্র বা প্রচেষ্টার অংশ হওয়া।
ধারা ২.১.৪: অন্য কোনো অংশগ্রহণকারীকে ধারা ২.১.১ লঙ্ঘনে প্ররোচিত করা, উৎসাহ দেওয়া, নির্দেশ দেওয়া, প্রভাবিত করা বা ইচ্ছাকৃতভাবে সহায়তা করা (অথবা এমন চেষ্টা করা)।
ধারা ২.৪.৭: দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে বাধা সৃষ্টি করা, তদন্ত-সংশ্লিষ্ট হতে পারে এমন তথ্য ও মোবাইল ফোনের বার্তা মুছে ফেলা।
যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ১ উইকেট শিকার করেছেন অখিলেশ।



