ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ সিং সম্প্রতি নিজের পছন্দের ভারতের সেরা পাঁচ বোলারের তালিকা প্রকাশ করেছেন। সেখানে শীর্ষস্থান পেয়েছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। তবে বিস্ময়করভাবে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ এই তালিকায় স্থান পাননি। প্রতিবেদন এনডিটিভির।
কৃষ্ণাঙ্ক আত্রের ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে আর্শদীপ জানান, ব্যক্তিগত পছন্দের কারণেই তিনি ভুবনেশ্বর কুমারকে এক নম্বরে রেখেছেন।
আর্শদীপ বলেন, ‘ভুবি ভাই আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে প্রিয়। আমি তাকে খুবই পছন্দ করি, তাই হয়তো কিছুটা পক্ষপাতিত্ব কাজ করেছে। নতুন বলে যেভাবে তিনি নিয়ন্ত্রণ রেখে বোলিং করেন, সেটা অসাধারণ।’
দ্বিতীয় স্থানে তিনি রেখেছেন মোহাম্মদ শামিকে। শামির প্রশংসা করে আর্শদীপ বলেন, ‘শামি ভাই যে কোনো উইকেটেই বল সিম করাতে পারেন। তার সিম পজিশন ও বোলিং অ্যাকশন অসাধারণ।’
আর্শদীপের তালিকায় তৃতীয় স্থানে আছেন বাঁহাতি চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। বিরল দক্ষতার অধিকারী হওয়ায় কুলদীপকে বিশেষভাবে মূল্যায়ন করেছেন তিনি। চতুর্থ স্থানে রয়েছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। পাঞ্জাব দলে সতীর্থ হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে চাহালের ধারাবাহিক সাফল্যের কথাও উল্লেখ করেন আর্শদীপ।
পঞ্চম স্থানে রাখা হয়েছে ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। তালিকার একেবারে শেষ দিকে রাখার জন্য মজার ছলে অশ্বিনের কাছে ক্ষমাও চেয়েছেন আর্শদীপ।
তিনি বলেন, ‘আশ ভাইকে শেষের দিকে রাখতে চাইনি। কিন্তু আর কোনো জায়গা বাকি ছিল না, তাই তাকে পাঁচ নম্বরে রাখতে হয়েছে। তিনি অসাধারণ একজন বোলার। আইপিএলে পাঞ্জাবে তিনিই ছিলেন আমার প্রথম অধিনায়ক। পরে অবশ্যই তাকে ব্যক্তিগতভাবে বার্তা দিয়ে ক্ষমা চাইব।’



