বিশ্বকাপ ২০২৬ এর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ফুটবলের দুই পরাশক্তি যখন একে অন্যের মুখোমুখি হয়, তখন সেটি কেবল একটি ফুটবল ম্যাচ থাকে না- এটি হয়ে ওঠে ইউরোপীয় ফুটবলের দুই মহাশক্তির আধিপত্যের লড়াই। দুই দর্শনের লড়াই, দুই বিশ্বাসের লড়াই। এর মাঝে ফুটবল ভক্তদের মনে এক্টাই প্রশ্ন এগিয়ে কে, ইয়ামাল নাকি এমবাপ্পে?
বিশ্ব ফুটবলের আলোচনায় এখন সবচেয়ে বেশি উচ্চারিত দুটি নাম, লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে। একজন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত তরুণ প্রতিভা, অন্যজন ইতোমধ্যেই নিজেকে বিশ্বসেরাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ক্রীড়া বিশ্লেষকদের আলোচনায় বারবার উঠে আসছে এই দুই তারকার নাম। তাই ফুটবলপ্রেমীদের প্রশ্ন, দুজনের মধ্যে আসলে কে এগিয়ে?
ইতিমধ্যে বার্সেলোনার উইঙ্গার লামিনে ইয়ামাল অল্প বয়সেই দুর্দান্ত নৈপুণ্যে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। স্পেনের হয়েও ধারাবাহিক পারফরম্যান্স তাকে ভবিষ্যতের অন্যতম বড় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার ড্রিবলিং, গতি, ম্যাচ পড়ার ক্ষমতা, গোল তৈরির দক্ষতা এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতার কারণে অনেকেই তাকে ভবিষ্যতের ব্যালন ডি'অর জয়ী হিসেবে দেখছেন।
অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে ইতোমধ্যেই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। ক্লাব ও জাতীয় দলের হয়ে অসংখ্য গোল, বড় টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স এবং বিশ্বকাপ জয়ের মতো অর্জন তাকে বর্তমান প্রজন্মের অন্যতম সফল ফুটবলার হিসেবে আলাদা অবস্থানে রেখেছে।
ফুটবল বিশ্লেষকদের মতে, গোলসংখ্যা, শিরোপা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বড় ম্যাচে প্রভাব বিস্তারের ক্ষেত্রে এমবাপ্পের ক্যারিয়ার অনেক বেশি সমৃদ্ধ। তাই অর্জন, অভিজ্ঞতা এবং ধারাবাহিকতার বিচারে এমবাপ্পেই এগিয়ে। অন্যদিকে সম্ভাবনার দিক থেকে ইয়ামালকে নিয়েই সবচেয়ে বেশি আশাবাদী ফুটবলবিশ্ব। অল্প বয়সেই যে পরিণত ফুটবল তিনি খেলছেন, তা ধরে রাখতে পারলে আগামী কয়েক বছরে ব্যালন ডি'অরসহ ব্যক্তিগত ও দলীয় বড় অর্জনের দৌড়ে তিনি অন্যতম দাবিদার হয়ে উঠতে পারেন। আগামী কয়েক বছরে বিশ্ব ফুটবলের শীর্ষস্থান দখল করার সামর্থ্য তার রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পরিসংখ্যানের বাইরে ফুটবল বিশ্লেষকদের মত হলো, এই মুহূর্তে এমবাপ্পে এগিয়ে থাকলেও ভবিষ্যতের লড়াইয়ে ইয়ামালই হতে পারেন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ফলে ইয়ামাল নাকি এমবাপ্পে বিতর্ক এখনই শেষ হচ্ছে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে এই প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনাই বেশি।



