আফগানিস্তান ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। বিরল রোগে আক্রান্ত হয়ে সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান মারা গেছেন। মঙ্গলবার (৭ জুলাই) ভারতের দিল্লি-এনসিআর এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।
শাপুর জাদরান হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস নামের বিরল রোগে ভুগছিলেন। গত বছরের অক্টোবর মাসে প্রথম অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য ভারতে গিয়ে কিছুটা সুস্থ হলেও পরে আবার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং দীর্ঘদিন নিবিড় চিকিৎসাধীন ছিলেন।
২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শাপুর। দেশের ক্রিকেটে উত্থানের সময় তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ পেসার। গতি, আগ্রাসী বোলিং এবং লড়াকু মানসিকতার কারণে তিনি সমর্থকদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক শোকবার্তায় বলা হয়, শাপুর জাদরান সম্মান, সাহস ও গর্বের সঙ্গে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। তার অবদান আফগানিস্তান ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।



