Logo
Logo
×

খেলা

সুইডেনকে নিয়ে সতর্ক ফ্রান্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:০২ পিএম

সুইডেনকে নিয়ে সতর্ক ফ্রান্স

জমে উঠেছে নকআউটের লড়াই। দ্বিতীয় দিনেই ছিটকে গেছে দুই ফেভারিট চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও নেদারল্যান্ডস। অন্যদিকে, প্রি-কোয়ার্টার নিশ্চিত করেছে ব্রাজিল, প্যারাগুয়ে ও মরক্কো। শেষ বত্রিশের লড়াইয়ে রাতে সুইডেনের মুখোমুখি হবে ফ্রান্স। বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। 

মাঠের লড়াইয়ের আগে দলকে সতর্ক করে কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘হারানোর কিছু নেই’-এমন মানসিকতা নিয়ে খেলতে নামা সুইডেনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

দেশম বলেন, “সুইডেন টিকে থাকার চাপে খেলছে না। অবশ্যই তারা ম্যাচ জিততে সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু তাদের হারানোর কিছু নেই। আমাদের বিনয়ী থাকতে হবে, দৃঢ়তা ও মনোযোগ ধরে রাখতে হবে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচ জেতায় আমাদের কিছুটা ভুল করার সুযোগ ছিল, কিন্তু এখন আর দ্বিতীয় কোনো সুযোগ নেই।”

মায়ের শেষকৃত্যে যোগ দিতে দেশে ফিরে যাওয়ায় দেশম নরওয়ের বিপক্ষে ফ্রান্সের ৪-১ গোলের জয়ের ম্যাচটি মিস করেন। শনিবার তিনি আবার দলের ঘাঁটি বোস্টনে ফিরে আসেন। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হওয়া ফ্রান্স এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপে এসেছে।

গ্রুপ পর্বে তাদের শুরুটা কিছুটা নড়বড়ে ছিল। সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচের প্রথমার্ধে তারা প্রত্যাশামতো খেলতে পারেনি। তবে নিউ জার্সিতে সেই ম্যাচটি ৩-১ গোলে জয়ের পর ফিলাডেলফিয়ায় ঝড়ের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারায় তারা। এরপর বোস্টনে দ্বিতীয় সারির দল নিয়ে নামা নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে।

লেস ব্লুজরা গ্রুপ পর্বে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করা মাত্র তিনটি দলের একটি। অন্য দুটি দল হলো বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং সহ-আয়োজক মেক্সিকো। গ্রুপ পর্বে ফ্রান্সের করা ১০ গোলও ছিল সর্বোচ্চ। সমান সংখ্যক গোল করেছে জার্মানি ও নেদারল্যান্ডসও। লিডিং স্কোরের তালিকায় আছেন কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে। 

নকআউট পর্ব শুরুর আগে দেশম বলেন, ‘আমাদের শুধু আত্মবিশ্বাস ধরে রাখতে হবে, তবে এখন থেকে সবকিছু নতুন করে শুরু হচ্ছে। আমরা আত্মবিশ্বাসী, তবে এটাও জানি যে এখন প্রতিপক্ষের মানও আরও বেড়ে যাবে।’

বাছাইপর্বে নিজেদের গ্রুপে সর্বশেষ স্থান পাওয়া পরও উয়েফা নেশন্স লিগে পারফরম্যান্সের সুবাদে প্লে-অফে সুযোগ পেয়ে বিশ্বকাপে আসে সুইডেন। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে হারলেও তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে এবং জাপানের সঙ্গে ড্র করার সুবাদে সেরা তৃতীয় দল হিসেবে তারা শেষ ৩২-এ জায়গা করে নেয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন