গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান। ফলে রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
সুইডেনের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু প্রতিপক্ষকে যথাযথ সম্মান জানালেও এবারের বিশ্বকাপে সবচেয়ে ছন্দে থাকা দল হিসেবে আর্জেন্টিনার নাম উল্লেখ করেন। তিনি বলেন, “বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ খেলছে। তবে এই কথা বলার জন্য ব্রাজিলের কাছে ক্ষমা চাইছি।”
এরপর ব্রাজিল ও তাদের কোচ কার্লো আনচেলত্তির প্রশংসা করে মোরিয়াসু বলেন, “কোচ হিসেবে আমি আনচেলত্তিকে ভীষণ শ্রদ্ধা করি। তিনি ইউরোপের সব বড় লিগে শিরোপা জিতেছেন, চ্যাম্পিয়নস লিগে অসংখ্য সাফল্য পেয়েছেন। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিলের দায়িত্বে আছেন এবং সফল হচ্ছেন।”
তবে প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী জাপান কোচ। তার বিশ্বাস, সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা সম্ভব। তিনি বলেন, “ব্রাজিল প্রায় নিখুঁত দল। তবু আমি বিশ্বাস করি, আমাদের জয়ের সুযোগ আছে। প্রীতি ম্যাচে আমরা ব্রাজিলকে হারিয়েছিলাম, এবারও আমরা প্রস্তুত।”
মোরিয়াসুর মতে, সময়ের সঙ্গে জাপানের ফুটবলের মান অনেক বেড়েছে এবং ব্রাজিলের বিপক্ষে সেটিই প্রমাণ করতে চায় তার দল। “একসময় ব্রাজিলের জন্য জাপান ছিল সহজ প্রতিপক্ষ। কিন্তু শেষ প্রীতি ম্যাচে আমরা দেখিয়ে দিয়েছি, এখন আর আমরা সহজ প্রতিপক্ষ নই।”
আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। এই ম্যাচের বিজয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।



