ব্রাজিল-হাইতি ম্যাচে রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ, নতুন বিতর্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম
হাইতি ও স্কটল্যান্ড ম্যাচে রেফারিং নিয়ে বিতর্কের পর বিশ্বকাপে ব্রাজিল-হাইতি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্পেনের অভিজ্ঞ রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ। ম্যাচ শুরুর মাত্র তিন দিন আগে ফিফা এ সিদ্ধান্ত নিশ্চিত করায় ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
স্প্যানিশ দৈনিক মার্কার তথ্য অনুযায়ী, হার্নান্দেজ ২০১২ সাল থেকে পেশাদার রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০১৪ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃত। তিনি স্প্যানিশ ফুটবলের মর্যাদাপূর্ণ এল ক্লাসিকোসহ বহু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। কঠিন সিদ্ধান্তে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য পরিচিত এই রেফারি ২০১৭ সালে স্প্যানিশ রেফারিং টেকনিক্যাল কমিটির কাছ থেকে সেরা রেফারির স্বীকৃতি পান।
তবে তার রেফারিং ঘিরে বিতর্কও কম নয়। অতিরিক্ত ফাউলের কারণে খেলা বারবার থামানো এবং কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রবণতার জন্য তিনি সমালোচিত হয়েছেন। রিয়াল মাদ্রিদের একটি ম্যাচে গোল বাতিলের ঘটনাও আলোচনায় আসে।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ব্রাজিল-হাইতি ম্যাচে তার সহকারী হিসেবে থাকবেন স্পেনের হোসে এনরিক নারাঞ্জো ও দিয়েগো সানচেজ। চতুর্থ ও পঞ্চম রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন সুইজারল্যান্ডের স্যান্দ্রো স্কেয়ারার ও স্টেফান ডি আলমেইদা। ভিএআর রুমের কর্মকর্তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
বিতর্ক আরও তীব্র হয়েছে কারণ অতীতে হার্নান্দেজ নিজেই জানিয়েছেন, তিনি শৈশবে বার্সেলোনার সমর্থক ছিলেন এবং প্রিয় ফুটবলার হিসেবে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর নাম উল্লেখ করেছিলেন। তার এই মন্তব্য বিশ্বকাপ মঞ্চে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।
অন্যদিকে ব্রাজিলের প্রথম ম্যাচের রেফারিং নিয়েও সমালোচনা হয়েছিল। মরক্কোর বিপক্ষে ম্যাচ পরিচালনা করা স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনসিস অতীতে বিপুল সংখ্যক হলুদ ও লাল কার্ড দেওয়ার জন্য পরিচিত।
বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ রেফারি হিসেবে হার্নান্দেজ মাঠের শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হতে পারেন। তবে তার অতীত মন্তব্য ও বিতর্ক ফিফার নিরপেক্ষতা নিয়ে নতুন প্রশ্ন তুলছে। ব্রাজিল মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর হাইতির বিপক্ষে জয়কে গ্রুপ পর্বে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখছে। ফলে ম্যাচের রেফারিং ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।



