৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, চ্যাম্পিয়ন পাবে ৫০ মিলিয়ন ডলার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৩২ পিএম
আর মাত্র তিন দিন পর পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর ফিফা বিশ্বকাপের। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৪৮টি দল অংশ নিচ্ছে। নতুন এই ফরম্যাটে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। ৩৯ দিনব্যাপী চলবে ফুটবল মহাযজ্ঞ।
শুধু ম্যাচসংখ্যাই নয়, প্রাইজমানির দিক থেকেও এবার বিশ্বকাপ গড়তে যাচ্ছে নতুন রেকর্ড। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর জন্য মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা।
বিশ্বকাপ জিতলে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৩ কোটি টাকা। রানার্সআপ দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৩ মিলিয়ন ডলার।
এছাড়া তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান অধিকারী দল পাবে ২৭ মিলিয়ন ডলার।
কোয়ার্টার ফাইনালে ওঠা প্রতিটি দলের জন্য রয়েছে ১৯ মিলিয়ন ডলার করে। রাউন্ড অব সিক্সটিনে খেলা দলগুলো পাবে ১৫ মিলিয়ন ডলার।
নতুন ফরম্যাট অনুযায়ী রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেওয়া দলগুলোও পাবে ১১ মিলিয়ন ডলার করে। এমনকি গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোর জন্যও রাখা হয়েছে ৯ মিলিয়ন ডলার পুরস্কার।
ফলে এবারের বিশ্বকাপ শুধু প্রতিদ্বন্দ্বিতার দিক থেকেই নয়, আর্থিক পুরস্কারের ক্ষেত্রেও হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন।



