রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল-নাসর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০২:০৩ পিএম
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আল-নাসরের হয়ে প্রথম বড় শিরোপা জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার জোড়া গোলে সৌদি প্রো লিগের শেষ ম্যাচে দামাককে ৪-১ ব্যবধানে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করেছে রিয়াদের ক্লাবটি।
এটি ২০১৮-১৯ মৌসুমের পর আল-নাসরের প্রথম সৌদি প্রো লিগ শিরোপা। একই সঙ্গে ২০২২ সালের শেষদিকে সৌদি আরবে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো কোনো ট্রফি জয়ের স্বাদ পেলেন রোনালদো।
শিরোপা নির্ধারণী ম্যাচে বৃহস্পতিবার আল-আওয়াল পার্কে জয়ের বিকল্প ছিল না আল-নাসরের সামনে। বড় ব্যবধানে জয় তুলে নিয়ে আর কোনো সমীকরণের সুযোগই রাখেনি দলটি।
ম্যাচের ৩৩ মিনিটে কর্নার থেকে আসা বলে হেডে গোল করে দলকে এগিয়ে দেন সাদিও মানে। দ্বিতীয়ার্ধের শুরুতে দূরপাল্লার জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন কিংসলে জুনিয়র কোমান।
এরপর পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় দামাক। ৫৭ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান ২-১ করেন মোরলায়ে সিল্লা। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় আল-নাসর।
৬৩তম মিনিটে ডি-বক্সের বাঁ দিক থেকে দারুণ এক ফ্রি-কিকে গোল করে ব্যবধান বাড়ান রোনালদো। পরে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ছয় গজ বক্সের ডান দিক থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন পর্তুগিজ তারকা।
এই দুই গোলের মাধ্যমে চলতি সৌদি প্রো লিগে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৮-এ। আর পেশাদার ক্যারিয়ারে তার মোট গোল এখন ৯৭৩।
একই সময়ে শিরোপা দৌড়ে থাকা আল হেলাল এসএফসি নিজেদের ম্যাচে আল ফায়হাকে ১-০ গোলে হারালেও তা যথেষ্ট হয়নি। ৩৪ ম্যাচে ২৮ জয় ও দুই ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় আল নাসের এফসিআই রানার্সআপ আল-হিলালের সংগ্রহ ৮৪ পয়েন্ট।



