ডেনমার্ক জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্সেনালের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান নোরগার্ড। ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে জায়গা করে নিতে না পারা এবং পরিবারের সঙ্গে আরও সময় কাটানোর ইচ্ছাই তার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।
পাশাপাশি নতুন প্রজন্মের ফুটবলারদের জায়গা করে দিতেও এখন সরে দাঁড়ানো সঠিক সময় বলে মনে করছেন তিনি। প্রতিবেদন গোল ডটকমের।
ডেনমার্কের হয়ে ৪১টি ম্যাচ খেলেছেন নরগার্ড। জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ ছিল গত মার্চে প্রাগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পরাজয়ের সেই ম্যাচটি। ওই ম্যাচের পরই তিনি নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত জাতীয় দলের কোচ ব্রায়ান রিয়েমারের অধীনে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ করে দিতে অবসরের সিদ্ধান্ত নেন সাবেক ব্রেন্টফোর্ড অধিনায়ক।
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম পোস্টে আবেগঘন বার্তায় নরগার্ড লিখেছেন, ‘জাতীয় দল থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। একদিকে এটি খুব কঠিন সিদ্ধান্ত, কারণ মারিয়েনলিস্টে সতীর্থ ও স্টাফদের সঙ্গে সময় কাটানোর চেয়ে প্রিয় কিছু নেই। একইভাবে দর্শকে ভরা, উত্তেজনায় টগবগে পারকেন স্টেডিয়ামে লাল-সাদা জার্সি গায়ে খেলার অনুভূতিও অসাধারণ।’
তবে আবেগের পাশাপাশি বাস্তবতাকেও গুরুত্ব দিয়েছেন নরগার্ড। তিনি বলেন, ‘পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই। আর বিশ্বকাপে সুযোগ না পাওয়ার পর মনে হয়েছে, এখনই সময় ডেনমার্কের প্রতিভাবান তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার।’
শেষবারের মতো সমর্থকদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘এখন সব শেষ। সামনে থেকে আর মাঠে নয়, সমর্থক হয়ে দলকে সমর্থন দেব। খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের ধন্যবাদ। তোমরাই একটি ছেলের স্বপ্ন পূরণ করেছ।’



