Logo
Logo
×

খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড তাড়া করতে হবে বাংলাদেশকে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড তাড়া করতে হবে বাংলাদেশকে

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করেছে নিউজিল্যান্ড। ফলে ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে নতুন রেকর্ড, কারণ কিউইদের বিপক্ষে এত বেশি রান তাড়া করে জেতার নজির নেই টাইগারদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চারটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে একটি প্রথমে ব্যাট করে এবং বাকি তিনটি রান তাড়া করে জয় এসেছে। তবে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জয় পেয়েছিল বাংলাদেশ, সেটিও ২০২৩ সালে।

চট্টগ্রামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে ফেরেন ওপেনার টিম রবিনসন। তবে দ্বিতীয় উইকেটে কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার চাপ সামলে গড়েন ৮৮ রানের জুটি। দুজনই করেন সমান ৫১ রান।

এরপর দ্রুত কয়েক উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। প্রথম ১০ ওভারে ১০০ রান তুললেও পরের ৫ ওভারে করতে পারে মাত্র ৩০ রান। বেভন জ্যাকবস ১ এবং ড্যান ফক্সক্রফট ৩ রানে আউট হন।

শেষদিকে অধিনায়ক নিক কেলি ২৭ বলে ৩৯ রান করেন। এছাড়া জশ ক্লার্কসন ১৪ বলে ২৭ এবং নাথান স্মিথ ৪ বলে ২ রান যোগ করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া তিনজন বোলার একটি করে উইকেট শিকার করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন