বিশ্বকাপে তারকা ফুটবলারকে হারানোর শঙ্কায় ব্রাজিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম
ইনজুরি যেন আবারও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এদের মিলিতাওয়ের জন্য। শনিবার (২৫ এপ্রিল) স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ব্রাজিলিয়ান তারকার অস্ত্রোপচারের পথে হাঁটতে হতে পারে। এমনটি হলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হবে তাকে।
লা লিগার ম্যাচে আলাভেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন মিলিতাও। পরে রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম পরীক্ষার মাধ্যমে তার বাম পায়ের বাইসেপস ফেমোরিসে চোটের বিষয়টি নিশ্চিত করে।
বর্তমানে চিকিৎসা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে নিজের কাছের মানুষ ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন মিলিতাও। যদি অস্ত্রোপচার না করান, তাহলে প্রায় পাঁচ সপ্তাহ পর মাঠে ফিরতে পারবেন তিনি, তবে পুনরায় চোটের ঝুঁকি থেকে যাবে। আর অস্ত্রোপচার করালে বিশ্বকাপে খেলার সুযোগ হারালেও পুনরায় ইনজুরির সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
এই পরিস্থিতিতে অস্ত্রোপচার করা হলে মিলিতাওয়ের সুস্থ হয়ে উঠতে চার থেকে পাঁচ মাস সময় লাগতে পারে। সেক্ষেত্রে ২০২৬/২৭ মৌসুমের শুরুতে তাকে মাঠে দেখা যেতে পারে, যদিও তার আগের ইনজুরি ইতিহাস তাকে সতর্ক থাকারই ইঙ্গিত দেয়।
এদিকে কিলিয়ান এমবাপ্পের ইনজুরি নিয়েও দুশ্চিন্তায় রয়েছে রিয়াল মাদ্রিদ। বেটিসের বিপক্ষে ম্যাচের শেষ দিকে অস্বস্তি অনুভব করেন এই ফরাসি ফরোয়ার্ড। প্রাথমিক পরীক্ষায় তার হ্যামস্ট্রিংয়ে ওভারলোড ধরা পড়েছে। সোমবার দল অনুশীলনে ফিরলে এমআরআই স্ক্যানের মাধ্যমে তার চোটের প্রকৃতি বিস্তারিতভাবে নির্ণয় করা হবে।



