ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে নতুন মাত্রা যোগ করলেন ফুটবল বিশ্বের তারকা জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডার এবার ক্রিকেটে বিনিয়োগ করে বার্মিংহাম ফিনিক্সের মালিকানায় যুক্ত হয়েছেন। ২০২৬ সালের জানুয়ারিতে সম্পন্ন হওয়া এক চুক্তির মাধ্যমে তিনি দলটির ১.২ শতাংশ শেয়ার কিনেছেন, যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ পাউন্ড। ইএসপিএন
এই বিনিয়োগের ফলে বার্মিংহাম ফিনিক্সের মালিকানা কাঠামোতেও কিছু পরিবর্তন এসেছে। স্বাগতিক কাউন্টি ওয়ারউইকশায়ার কাউন্টি ক্লাব এখনও সংখ্যাগরিষ্ঠ মালিক হিসেবে ৫০.৪ শতাংশ শেয়ার ধরে রেখেছে। অন্যদিকে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্টের দখলে রয়েছে ৪৮.৪ শতাংশ শেয়ার।
উল্লেখযোগ্য বিষয় হলো, বেলিংহাম তার এই ১.২ শতাংশ শেয়ার উভয় পক্ষ থেকেই কিনেছেন। ওয়ারউইকশায়ারের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে ফ্র্যাঞ্চাইজিটির ৫১ শতাংশ মালিকানার মূল্য প্রায় ৪৮ মিলিয়ন পাউন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে, যা নাইটহেডের প্রাথমিক বিনিয়োগ এবং সংখ্যাগরিষ্ঠ মালিকানার অতিরিক্ত মূল্য বিবেচনায় নির্ধারিত।
বার্মিংহামে বেড়ে ওঠা বেলিংহামের জন্য এই বিনিয়োগ আবেগেরও প্রতিফলন। বার্মিংহাম সিটির একাডেমি থেকে উঠে আসা এই তারকা মাত্র ১৬ বছর বয়সেই ক্লাবটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রথম একাদশের খেলোয়াড় হিসেবে অভিষেক করেন। এরপর এক মৌসুম খেলেই প্রায় ২২.৭৫ মিলিয়ন পাউন্ডে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেন এবং ২০২৩ সালে প্রায় ৮৮ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান। বর্তমানে তিনি বিশ্ব ফুটবলের অন্যতম প্রভাবশালী মিডফিল্ডার।
শুধু ফুটবল নয়, ক্রিকেটের সঙ্গেও বেলিংহামের সম্পর্ক পুরোনো। কিশোর বয়সে স্থানীয় ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছেন তিনি এবং নিজেকে সবসময়ই একজন ক্রিকেটপ্রেমী হিসেবে পরিচয় দিয়েছেন। এমনকি এক সাক্ষাৎকারে তিনি জানান, অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে একদিনের জন্য পেশা বদল করতে হলে তিনি ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে বেছে নিতেন। নিজের শহরের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এই বিনিয়োগে আগ্রহী হয়েছেন বলে জানিয়েছেন।
এই মালিকানার পাশাপাশি মাঠের লড়াইয়েও বার্মিংহাম ফিনিক্সে যুক্ত হয়েছে নতুন আকর্ষণ। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান ২০২৬ মৌসুমে প্রথমবারের মতো খেলবেন এই দলে। ড্রাফটে তাকে ১ লাখ পাউন্ডে দলে ভেড়ানো হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি। ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে তার ভিত্তিমূল্যেই পেয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি। একই ড্রাফটে থাকা বাংলাদেশের আরেক স্পিনার রিশাদ হোসাইন অবশ্য কোনো দল পাননি।
আসন্ন আসরে বার্মিংহাম ফিনিক্সের স্কোয়াডে মুস্তাফিজ সতীর্থ হিসেবে পাবেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার জ্যাকব বেথেল, অভিজ্ঞ ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস, পাকিস্তানের উসমান কাদির এবং দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরার মতো খেলোয়াড়দের। দলের পুরুষদের অধিনায়কত্ব করবেন জ্যাকব বেথেল, আর নারীদের দলকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার এলিসা পেরি।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড নতুন বিনিয়োগকারীদের জন্য পাঁচ বছরের ‘লক-ইন’ নীতি চালু করলেও বেলিংহামের ক্ষেত্রে তা প্রযোজ্য হয়নি, কারণ প্রাথমিক চুক্তির সময়ই তার বিনিয়োগের বিষয়টি অনুমোদিত ছিল। একই ধরনের ব্যবস্থায় অন্য ফ্র্যাঞ্চাইজিতেও নতুন বিনিয়োগ দেখা গেছে, যা ‘দ্য হানড্রেড’-এর বাণিজ্যিক সম্প্রসারণের ইঙ্গিত দেয়।
বার্মিংহাম ফিনিক্স এখনো পর্যন্ত পুরুষ বা নারী কোনো বিভাগেই শিরোপা জিততে পারেনি। গত মৌসুমেও তারা নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয়েছিল। তবে বেলিংহামের মতো বিশ্বখ্যাত ফুটবলারের সম্পৃক্ততা এবং মুস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিক তারকার অন্তর্ভুক্তি দলটির জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জুলাই থেকে শুরু হবে ‘দ্য হানড্রেড’-এর পঞ্চম আসর, যেখানে ফুটবল ও ক্রিকেটের এই অনন্য মেলবন্ধন বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।



