শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকাকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সোমবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, চলমান পিএসএলের ১১তম আসর থেকে ‘একতরফা সরে যাওয়ার’ সিদ্ধান্তের কারণে শানাকাকে এই শাস্তি দেয়া হয়েছে। প্রতিবেদন জিও সুপারের।
পিসিবি জানায়, দাসুন শানাকার বিষয়টি বিস্তারিত পর্যালোচনার পর দেখা গেছে, তিনি খেলোয়াড় নিবন্ধন শর্ত এবং ত্রিপক্ষীয় চুক্তি ভঙ্গ করেছেন। এই ঘটনায় লাহোর কালান্দার্সের সঙ্গে তার সম্পৃক্ততাও বিবেচনায় নেয়া হয়।
আনুষ্ঠানিক শুনানিতে শানাকা পিএসএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করলেও, পিসিবি জানায় যে তিনি যে কারণ দেখিয়েছেন তা চুক্তির কাঠামোর মধ্যে গ্রহণযোগ্য নয়। ফলে চুক্তি ভঙ্গের গুরুতরতার কারণে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া জরুরি হয়ে পড়ে। এর ফলে ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার ২০২৭ সালে অনুষ্ঠিতব্য পিএসএলের পরবর্তী আসরে অংশ নিতে পারবেন না।
এদিকে পিসিবি প্রকাশিত এক বিবৃতিতে শানাকা পাকিস্তানের সমর্থক ও ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘পিএসএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত এবং পাকিস্তানের জনগণ, পিএসএলের ভক্ত ও বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট, এবং আমার এই সিদ্ধান্তে যে হতাশা তৈরি হয়েছে, তা আমি বুঝতে পারছি।’
লাহোর কালান্দার্সের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি সত্যিই দুঃখিত যে আপনাদের হতাশ করেছি।’ তিনি আরও জানান, পিএসএল থেকে সরে যাওয়ার সময় অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে যোগ দেয়ার কোনো পরিকল্পনা তার ছিল না। পাশাপাশি পাকিস্তানের সমর্থকদের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত খেলোয়াড় নিলামের ‘অ্যাক্সিলারেটেড রাউন্ডে’ লাহোর শানাকাকে ৭.৫ মিলিয়ন রুপিতে দলে ভিড়িয়েছিল। তবে পিএসএল শুরুর মাত্র তিন দিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়ান। পরে তার পরিবর্তে অস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্যামসকে দলে অন্তর্ভুক্ত করে ফ্র্যাঞ্চাইজিটি। শানাকা যোগ দেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে।



