ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে বিসিবি প্রাঙ্গণে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতির সঙ্গে নতুন নির্বাচক প্যানেল ও কোচিং প্যানেলের সদস্যরা উপস্থিত থাকবেন। আলোচনার বিষয়বস্তু স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে এটি সৌজন্য সাক্ষাৎ, কারণ দীর্ঘ সময় পর দেশে ফিরে ক্রিকেটারদের সঙ্গে বসার সুযোগ হয়নি সভাপতির।
এদিকে বিসিবি নির্বাচনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গত মাসে গঠিত তদন্ত কমিটি আজ তাদের প্রতিবেদন জমা দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে প্রতিবেদনটি ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাতে প্রতিবেদনটি তুলে দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বিসিবি সভাপতি বুলবুলসহ বেশ কয়েকজন পরিচালক। পরে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং সহ-সভাপতি ফারুক আহমেদও কমিটির কাছে বক্তব্য দিয়েছেন।
গত ১১ মার্চ অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে এনএসসি পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করে। বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই তদন্ত প্রতিবেদনের ওপর।



