Logo
Logo
×

খেলা

জাম্বিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:১৫ এএম

জাম্বিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

লিওনেল মেসি পুরো ম্যাচ খেলবেন কি না সেই প্রশ্ন যেমন ছিল, তেমনি শিষ্যদের কাছে আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলেন লিওনেল স্কালোনি। দুটো প্রশ্নেরই উত্তর মিলেছে ভালোভাবে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে ৮৮ ধাপ পিছিয়ে থাকা আফ্রিকান দেশ জাম্বিয়া কোনো পাত্তাই পায়নি। মেসি-আলভারেজদের গোলে আলবিসেলেস্তেরা ৫-০ ব্যবধানে জিতেছে।

বিশ্বকাপের আগে দল চূড়ান্ত করার লক্ষ্যে শেষ দুটি ম্যাচ খেলে ফেলল স্কালোনির দল। আগের ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে জিতলেও শিষ্যদের পারফরম্যান্স প্রত্যাশা করতে পারেনি তার। আজ (বুধবার) একই ভেন্যু বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে জাম্বিয়ার বিপক্ষে স্কালোনি একাদশে বড় পরিবর্তন (৮) আনেন। শুরু থেকে শেষ পর্যন্ত খেললেন মেসিও। এ ছাড়া এমিলিয়ানো মার্টিনেজকে উঠিয়ে শেষ ২৫ মিনিট সুযোগ দিয়েছেন আরেক গোলরক্ষক হুয়ান মুসোকে।

প্রথমার্ধে হুলিয়ান আলভারেজের গোলে লিড নেওয়ার পর বিরতির আগমুহূর্তে স্কোরশিটে নাম তোলেন মেসি। দ্বিতীয়ার্ধে গোল করেন নিকোলাস ওতামেন্দি ও ভ্যালেন্টিন বার্কো। আর্জেন্টিনার আরেকটি গোল এসেছে জাম্বিয়ার ডমিনিক চান্দার আত্মঘাতি অবদানে। ম্যাচজুড়ে ৭৬ শতাংশের বেশি বল দখলে রেখে গোলের জন্য ৯টি শট নেয় আর্জেন্টিনা, যার মধ্যে লক্ষ্যে ছিল ৫টি। বিপরীতে জাম্বিয়া ৩ শটের স্রেফ একটি লক্ষ্যে রাখতে পারে।

খেলার মাত্র চতুর্থ মিনিটেই লিড নেয় আর্জেন্টিনা। লিয়েন্দ্রো পারেদেসের দূরপাল্লার বল পেয়ে মেসি সেটি বক্সে বাড়ান, জোরালো শটে গোলটি করেন আলভারেজ। অধিনায়ক মেসিও গোল পেয়ে যান বিরতির আগমুহূর্তে। ৪৩ মিনিটে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর নিচু শটে তিনি বল জালে জড়ান। ঘরের মাঠে এটি সম্ভবত মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, যা গোল-অ্যাসিস্টে রাঙালেন এই মহাতারকা। বিশ্বকাপের আগে আর্জেন্টিনা আরও ম্যাচ থাকলেও এই ম্যাচ দিয়ে তারা নিজের দেশকে বিদায় বলে দিয়েছে।

৫০ মিনিটে থিয়েগো আলমাদা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। নিজে না নিয়ে মেসি এগিয়ে দেন ওতামেন্দিকে। তারও দেশের মাটিতে এটি শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে, ফলে তার সামনেও বিশেষ স্মৃতিতে ম্যাচটি রাঙানোর সুযোগ আসে। সফল স্পটকিকে সেটি পূরণ করেছেনও এই ডিফেন্ডার। ৬৮ মিনিটে স্বাগতিকদের প্রবল চাপের মুখে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেন জাম্বিয়ার ডমিনিক চান্দা।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জাতীয় দলে প্রথমবার গোলের দেখা পেলেন বার্কোও। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বল ধরে পেনাল্টি স্পট থেকে অনায়াসে তিনি জাম্বিয়া গোলরক্ষককে পরাস্ত করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন