জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। তবে খেলে যাচ্ছিলেন ঘরোয়া লিগ। গেল বছর ঢাকা লিগে খেলেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। পরে অসুস্থতার কারণে আর তার মাঠে ফেরা হয়নি। বর্তমানে ক্রীড়া সংগঠক হিসেবে ভূমিকা রাখতে চান তামিম।
কয়েকদিন আগে বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করা তামিম এবার জানিয়ে রাখলেন মোহামেডান তাকে ডাকলে যেকোনো সাংগঠনিক দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।
বুধবার (১৮ মার্চ) বিএনপি নেতা মির্জা আব্বাসের জন্য দোয়া মাহফিলে হাজির হয়ে তামিম বলেন, ‘সংগঠক হিসেবে কাজ করা নিয়ে আমি আসলে ওভাবে এখনো কিছু চিন্তা করিনি। তবে মোহামেডানের যদি কখনো মনে হয় যে আমাকে নিলে ক্লাবের জন্য ভালো হবে, তবে তারা যেকোনো সময় ডাকলে আমি চলে আসব। এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার।’
দেশের ক্রীড়াঙ্গনে ক্লাবগুলোর ভূমিকার কথা উল্লেখ করে তামিম জানান, আবাহনী-মোহামেডানের মতো ক্লাবগুলো শুধু খেলাধুলাকে দিয়েই গেছে। তার মতে, ‘এই ক্লাবগুলোর খেলোয়াড়দের দেওয়ার বাইরে আর কিছু পাওয়ার নেই। তাদের একটাই আশা, তা হলো ট্রফি। বিনিময়ে তারা শুধু যথাযথ সম্মানটুকু চায়।’



