খেলা শেষের পরপর উজবেকিস্তান ফুটবলারদের উল্লাস। বাংলাদেশের বিপক্ষে জয় অন্য সব ম্যাচের মতো সাধারণ কোনো জয় নয়। নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো গ্রুপ পর্বের গন্ডি পার হয়েছে উজবেকিস্তান।
বাংলাদেশ উজবেকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল ও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিল। উল্টো এখন উজবেকিস্তান বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে। উজবেকিস্তান ও ফিলিপাইনের সমান ৩ পয়েন্ট ও -২ গোল ব্যবধান। উজবেকিস্তান বাংলাদেশকে ৪ গোল দিয়েছে আর ফিলিপাইন ২ গোল দিয়েছে ইরানকে। পয়েন্ট ও গোল ব্যবধান সমান হলেও বেশি গোল দেয়ায় উজবেকিস্তান তৃতীয় স্থানে এ গ্রুপের ফিলিপাইনের চেয়ে এগিয়ে। তাই এ গ্রুপের তৃতীয় স্থানের ফলাফল যাই হোক উজবেকিস্তানের তিন গ্রুপের মধ্যে তৃতীয় স্থানের দলের মধ্যে সেরা দুই হওয়া নিশ্চিত৷
উজবেকিস্তানের কোচ কুলবায়াতে ইতিহাস সৃষ্টি করে বেশ উচ্ছ্বসিত, ‘২০-২৩ বছর পর এশিয়ান কাপে অংশগ্রহণের পর ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব পার হওয়া— এটি একটি বিশাল মুহূর্ত। তাই আমি আমার দলের জন্য গর্বিত। দারুণ কাজ এবং সব প্রশংসা মেয়েদের প্রাপ্য। আপনাদের অনেক ধন্যবাদ।’
বাংলাদেশ চীনের বিপক্ষে লড়াই করেছে। সেই বাংলাদেশের বিপক্ষে চার গোলে জয় কি প্রত্যাশা করেছিল উজবেকিস্তান? এমন প্রশ্নের জবাবে কোচ বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশ একটি দারুণ এবং তরুণ দল যাদের অনেক সম্ভাবনা ও ভবিষ্যৎ রয়েছে। তারা সঠিক পথেই এগোচ্ছে। এখন এটি কেবল সময়ের ব্যাপার যে তারা কবে এলিট পর্যায়ে পৌঁছাবে।’
তিনি আরও বলেন, ‘তারা দারুণ করছে এবং তাদের বিপক্ষে খেলাটা দারুণ ছিল। অবশ্যই তারা প্রথম দুই ম্যাচের তুলনায় কিছুটা ভিন্নভাবে খেলেছে। কিন্তু এটি একটি টুর্নামেন্ট যেখানে আপনাকে প্রতি দুই দিন অন্তর ম্যাচ খেলতে হয়, যা তরুণ খেলোয়াড়দের জন্য সহজ নয়।’



