এসিসি সভায় যোগ দিতে কুয়েত গেলেন বিসিবি সভাপতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যোগ দিতে কুয়েত গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার রাতে তিনি ঢাকা ছাড়েন এবং বুধবার সকালে কুয়েতে পৌঁছেছেন।
সেখানে এশিয়ার বিভিন্ন দেশের ক্রিকেট প্রধানদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দিনের সফর শেষে আবার দেশে ফেরার কথা রয়েছে তার। বিসিবির একজন পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ভারতের আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। পরে পাকিস্তান বাংলাদেশের প্রতি সমর্থন জানায়। এরই ধারাবাহিকতায় পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। তবে বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান।
পাকিস্তান সরকার জানিয়েছে, বাংলাদেশসহ কয়েকটি দেশের অনুরোধে তারা ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তানকে মাঠে নামার আহ্বান জানিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।



