টি-টোয়েন্টি বিশ্বকাপ সংকট নিয়ে লাহোরে পৌঁছালেন বিসিবি সভাপতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন। সন্ধ্যায় তিনি আইসিসির জরুরি ভার্চ্যুয়াল সভায় যোগ দেবেন, যেখানে অন্যান্য সদস্য দেশও উপস্থিত থাকবে। পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে না পারা এবং পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘোষণায় সৃষ্ট অচলাবস্থার মধ্যে হঠাৎ করেই এই সভার আয়োজন করা হয়েছে। জিও নিউজ জানিয়েছে, লাহোরে পৌঁছে আমিনুল ইসলাম পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করবেন। এরপর দিনের শেষ দিকে আইসিসির ভার্চ্যুয়াল আলোচনায় অংশ নেবেন তিনি।
এর আগে ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ জানায়, পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে আইসিসি ইতোমধ্যে পিসিবির সঙ্গে আলোচনা শুরু করেছে। সংকটের সূত্রপাত হয় বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর। সাম্প্রদায়িক উগ্রপন্থীদের হুমকির কারণে বাংলাদেশ সরকার নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায়। বিসিবি ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করলেও আইসিসি তা প্রত্যাখ্যান করে এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়।
গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা দেয় তারা ভারতের বিপক্ষে খেলবে না। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, ক্রিকেটে রাজনীতির ব্যবহার মেনে নেওয়া যাবে না এবং বাংলাদেশের পাশে দাঁড়ানোই তাদের সিদ্ধান্ত। ভারত-পাকিস্তান ম্যাচ থেকে বিশ্বকাপের বড় অঙ্কের আয় আসে বলে পাকিস্তানের এই অবস্থান আইসিসিকে চাপে ফেলেছে। এমন প্রেক্ষাপটে আজকের জরুরি সভা অনুষ্ঠিত হচ্ছে।



