ফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। বাকী ছিল কেবলমাত্র আনুষ্ঠানিকতা। কাগজে-কলমে আজ সেটাও সেরে নিল লাল-সবুজের প্রতিনিধিরা। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে আজ নেপালকেও উড়িয়ে দিয়েছে তারা। শেষ পর্যন্ত ম্যাচটা বাংলাদেশ জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে। নেপালের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন আলপি আক্তার। সেইসঙ্গে অপরাজিত থেকেই ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। ফাইনালে এবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে পিটার বাটলারের দল।
পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নেপালি রক্ষণভাগের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বাংলাদেশ। সাফল্য আসে মাত্র তৃতীয় মিনিটে মিনিটেই। মিডফিল্ডার মামনি চাকমার নেওয়া মাপা কর্নারে দূরের পোস্টে থাকা প্রতিমা মুন্দা নিখুঁত হেডে বল জালে জড়ান। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ আক্রমণের ধার আরও বাড়ায়। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ভাসানো ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও বলের দখল এবং আক্রমণে একচ্ছত্র আধিপত্য বজায় রাখে বাটলারের দল। ৬১ মিনিটে শান্তি মার্ডির চিপ শট নেপালি ডিফেন্ডার গোললাইন থেকে ফিরিয়ে না দিলে ব্যবধান তখনই বাড়তে পারত। তবে এর কিছুক্ষণ পরই শুরু হয় ‘আলপি ম্যাজিক’। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো থ্রু পাস ধরে অফসাইড ফাঁদ ভেঙে দারুণ ক্ষিপ্রতায় গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ৮২ মিনিটে নেপালি ডিফেন্ডারের একটি ভুল পাসের সুযোগ নিয়ে বক্সে ঢুকে বল জালে জড়ান আলপি, পূরণ করেন হ্যাটট্রিক। টুর্নামেন্টে যা তাঁর দ্বিতীয়।
এই জয়ের ফলে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। দিনের অপর ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে ভারত। রাউন্ড রবিন লিগে বাংলাদেশের কাছে ২-০ গোলে হেরেছে তারা।



