Logo
Logo
×

প্রবাস

সালথায় শোকের ছায়া

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনের মৃত্যু

Icon

সাজ্জাদ হোসেন, সালথা

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:০৭ এএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনের মৃত্যু

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় একই পরিবারে তিনজনের মৃত্যূ

পবিত্র ওমরাহ পালনের স্বপ্ন নিয়ে সৌদি আরবের রিয়াদ থেকে মক্কার পথে যাত্রা করেছিলেন একই পরিবারের পাঁচ সদস্য। কিন্তু সেই পবিত্র যাত্রাই পরিণত হলো এক হৃদয়বিদারক ট্র্যাজেডিতে। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরিবারের মা, ছেলে ও মেয়ে—একসঙ্গে নিভে গেল তিনটি প্রাণ। গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন পরিবারের কর্তা ও অপর এক ছেলে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। এ ঘটনায় তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে তানিয়া তাহমিনা রিনার পরিবার সৌদি আরবে বসবাস করছিল। বৃহস্পতিবার সকালে পরিবারের পাঁচ সদস্য একটি প্রাইভেটকারে করে রিয়াদ থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার পথে রওনা হন। পথিমধ্যে প্রায় ৩০০ কিলোমিটার যাওয়ার পর তাদের বহনকারী গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে।

নিহত তানিয়া তাহমিনা রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তানিয়া, তার ছেলে তাসবিক ও মেয়ে জারার মৃত্যু হয়। গুরুতর আহত শফিকুল ইসলাম খোকন ও নাবিলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

তানিয়ার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ বলেন, “রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে তাদের বহনকারী প্রাইভেটকারের পেছনে একটি বড় যানবাহন সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার বোন, ছোট ভাগ্নে ও ভাগ্নির মৃত্যু হয়। আমার ভগ্নিপতি ও বড় ভাগ্নে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।”

তিনি জানান, নিহত তিনজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে, নাকি সৌদি আরবেই তাদের দাফন করা হবে—এ বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কার পথে যাত্রা করে একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফরিদপুরের সালথার আটঘর ইউনিয়নসহ আশপাশের এলাকায়। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও বেদনা। প্রিয়জন হারানোর এই আকস্মিক ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে গুরুতর আহত শফিকুল ইসলাম খোকন ও নাবিলের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্বজনরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন