কানাডায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওই বাংলাদেশি শিক্ষার্থীর নাম মো. ইস্তিনাব মাহি (২৩)। উত্তর আমেরিকার এই দেশটির নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
স্থানীয় সময় গত শুক্রবার রাত ১টা ৩২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহির বাড়ি চট্টগ্রামে। তিনি উচ্চশিক্ষার জন্য কানাডায় অবস্থান করছিলেন।
স্থানীয় পুলিশ প্রশাসন ‘রয়্যাল নিউফাউন্ডল্যান্ড কনস্ট্যাবুলারি’ (আরএনসি) সূত্রে জানা গেছে, সেন্ট জনস এলাকার মেয়র অ্যাভিনিউ এবং নিউটাউন রোডের সংযোগস্থলের কাছে চারজন আরোহীসহ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে গাড়িটি সড়কের পাশে থাকা বেলভেডিয়ার কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে গিয়ে পড়ে।
খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহিকে মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা অন্য তিন আরোহী আহত হলেও তারা বর্তমানে আশঙ্কামুক্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মাহি চট্টগ্রামের মো. মোহিব উল্লাহ ও পারভিন আক্তার দম্পতির সন্তান। মেধাবী এই শিক্ষার্থী ২০১৯ সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল (১৮২ ব্যাচ) থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০২১ সালে চট্টগ্রাম কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। পরে তিনি কানাডার বিখ্যাত ‘মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ড’-এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী এবং কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার শিক্ষক, সহপাঠী ও বন্ধুরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। এদিকে আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মাহির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।



