ইতালিতে পারিবারিক দ্বন্দ্বে ছোট ভাইকে হত্যা, গ্রেপ্তার বড় ভাই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:৩৫ এএম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের ইতালি প্রবাসী দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই নয়ন ফকির নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, বড় ভাই হুমায়ুন ফকির তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত প্রায় ৮টার দিকে ইতালির লেইজ শহরে। নিহত নয়ন ফকির ও অভিযুক্ত হুমায়ুন ফকির—দুজনই একই গ্রামের দেলু ফকিরের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পর হুমায়ুন ফকির ভিডিও কলে স্বজনদের কাছে নয়নের মরদেহ দেখিয়ে হত্যার কথা স্বীকার করেন। পরে ইতালির পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নিহতের এক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে জানান, হুমায়ুন ফকির প্রায় ১২ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। তিনি প্রথমে লিবিয়ায় গিয়ে সেখান থেকে ইতালিতে যান। ২০২৩ সালে তার সহায়তায় ছোট ভাই নয়নও ইতালিতে পাড়ি জমান।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, হুমায়ুন ফকির দুইটি বিয়ে করেছিলেন এবং ঘটনার দিন তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা ছিল। এ বিষয়টি নিয়ে ছোট ভাই নয়ন আপত্তি জানালে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা শেষ পর্যন্ত মর্মান্তিক হত্যাকাণ্ডে রূপ নেয়।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি আমাদের অবগত করা হয়েছে।’



