ইউএস কংগ্রেশনাল রিকগনিশন পেলেন সাংবাদিক মনোয়ারুল ইসলাম
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৬ এএম
ইউএস কংগ্রেশনাল রিকগনিশন পেলেন প্রবাসী সাংবাদিক মনোয়ারুল ইসলাম। গত শুক্রবার (২৪ এপ্রিল) কংগ্রেসের প্রভাবশালী সদস্য গ্রেস মেং সাংবাদিক মনোয়ারুল ইসলামের হাতে এ সম্মাননা তুলে দেন।
এ সময় মঞ্চে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক ও ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারি গোলাম মোর্তুজা, সাপ্তাহিক ঠিকানা সম্পাদক ও সাবেক সাংসদ এম এম শাহিন, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ ও অ্যাটর্নি মঈন চৌধুরী উপস্থিত ছিলেন।
কংগ্রেসওম্যান বলেন, সাংবাদিকতা পেশায় দীর্ঘদিনের অবদানের কথা বিবেচনা করে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের প্রেসিডেন্ট মনোয়ারুল ইসলামকে এ স্বীকৃতি দেওয়া হলো। উল্লেখ্য, মনোয়ারুল ইসলাম বাংলাদেশে দৈনিক আজকের কাগজ, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক মানবজমিনে কাজ করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট এসোসিয়েশনেরও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি। বর্তমানে তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকালের কন্ট্রিবিউটিং এডিটর হিসেবে কাজ করছেন।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে ২৪ এপ্রিল সাংবাদিক মমিন মজুমদারকেও কংগ্রেশানাল রিকগনিশন প্রদান করা হয়। এ অভিষেক অনুষ্ঠান নিউইয়র্কের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আর পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, নানা প্রতিকূলতার মধ্যদিয়ে সাংবাদিকতা পেশা এগিয়ে চলছে। বিশেষ করে ‘এথনিক জার্ণালিজম’ সহজ নয়। তারপরও কমিউনিটির মিডিয়াগুলো সাধ্যমতো দায়িত্ব পালন করে চলেছে। যা প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএস কংগ্রেসের অন্যতম প্রভাবশালী সদস্য গ্রেং মেং এবং বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক ও ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম ফাজলে রশীদ স্মরণে প্রবর্তিত ‘ফাজলে রশীদ পদক’ প্রদান করা হয়। এবছর এই পদকের জন্য মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক, লেখক, অনুবাদক এবং ক্লাবের অন্যতম উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ—এর উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু।
এসময় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান, সাপ্তাহিক ঠিকানা’র ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, উপদেষ্টা তাসের খান মাহমুদ তার হাতে ক্রেস্ট তুলে দেন। এর আগে আনোয়ার হোসাইন মঞ্জু’র সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ক্লাবের সাবেক সহ সভাপতি ও কার্যকরী সদস্য শেখ সিরাজুল ইসলাম। এসময় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ক্লাবের ২০৬— ২০২৭ সালের নতুন কার্যকরী কমিটিকে পরিচয় করিয়ে দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মঈনুদ্দীন নাসের। এসময় কমিশনের সদস্য এবিএম সালেহউদ্দীন ও মোহাম্মদ কাজল শুভেচ্ছা বক্তব্য রাখেন।



