Logo
Logo
×

রাজনীতি

নাগরিক পার্টিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে : ছাত্রদল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১২:৪৩ এএম

নাগরিক পার্টিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে : ছাত্রদল

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি এবং তাদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসিত করার অভিযোগ করেছে ছাত্রদল।

শুক্রবার (৭ মার্চ) নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই অভিযোগ করেন। তিনি আরও জানান, বসুন্ধরায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাকবিতণ্ডা ও চড়াও হওয়ার ঘটনায় ছাত্রদলকে দায়ী করায় প্রতিবাদ জানিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, "৫ মার্চ জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কিন্তু দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানোর একটি ধারাবাহিক প্রবণতা লক্ষ্য করছি, যা অত্যন্ত উদ্বেগজনক।"

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রদল জানায়, "জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতাদের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্ক সবারই জানা। এর পূর্ববর্তী রেষারেষির কারণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সারজিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন।"

ছাত্রদল দাবি করে, "সারজিস আলম নিজের পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 'সন্ত্রাসী, দুষ্কৃতকারী এবং টোকাই' উল্লেখ করে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপমান করেছেন। এটি অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্য, যার আমরা তীব্র নিন্দা জানাই।"

ছাত্রদল আরও জানায়, "এ ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য সারজিস আলম ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।" তারা সারজিস আলমের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, "জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্যাগকে তার বক্তব্যে মর্যাদাহানি করা হয়েছে।"

এছাড়া, ছাত্রদল জানায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোনও সাংগঠনিক কার্যক্রম ছিল না এবং ঘটনাস্থলে ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিল না। তবে, বিষয়টির তদন্তের জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দুটি সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, "সারজিস আলম হামলার শিকার হলেও আমাদের কেউ এই ঘটনায় জড়িত কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে। যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন