লন্ডনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে হামলার ঘটনা ঘটে।
যুক্তরাজ্যের লন্ডনে আওয়ামী লীগ (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাজ্য সফররত এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে লন্ডনের ‘মে ফেয়ার’ হলের পেছনের সড়কে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে বাইরে থাকা আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন এবং হলের বাইরের অংশে অতিথিদের ওপর চড়াও হন। অনুষ্ঠান শেষ হওয়ার পর মে ফেয়ার হলের পেছনের সড়কে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি ও সংঘর্ষ চলে। এ সময় রাস্তায় পার্ক করে রাখা কয়েকটি গাড়ি ভাংচুরেরও ঘটনা ঘটে। বিশৃঙ্খলা থামাতে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এনসিপির দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) লন্ডন সফররত নাহিদ ইসলামকে সংবর্ধনা দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ওপর কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের উগ্র কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন। তাঁরা নিজেরাই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন। এটি প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্য উদ্বেগজনক।
তিনি বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ করেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সমর্থকেরা। সর্বশেষ যুক্তরাজ্য সফররত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অনুষ্ঠান ঘিরেও আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন বলে জানা গেছে৷
বিক্ষোভকারীরা নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড করতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। অনুষ্ঠান শেষে দেওয়া ফেসবুক পোস্টে তিনি জানান, নাহিদের কর্মসূচি পণ্ড করতে না পেরে হামলাকারীরা অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হন। পরে অংশগ্রহণকারীরা বের হওয়ার পথে তাঁদের ওপর আক্রমণ করা হয়। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত, এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম। গত রোববার বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। ২১ নভেম্বর (বৃহস্পতিবার) এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে।



