এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা, জামায়াতের নিন্দা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একজন সংসদ সদস্যের গ্রামের বাড়িতে গভীর রাতে এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
জুবায়ের বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকারকেই দায় নিতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য কখনোই সহিংসতা, হামলা কিংবা অগ্নিসংযোগের অজুহাত হতে পারে না। দেশে আইনের শাসন, গণতান্ত্রিক পরিবেশ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
বিবৃতিতে নুসরাত তাবাসসুম জ্যোতি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান জামায়াতের এই নেতা।



