২৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি, যারা থাকছেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের গড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিভিন্ন পেশার অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিদের নিয়ে ২১ থেকে ২৫ সদস্যের এ পরিষদ গঠন করা হচ্ছে। প্রাথমিকভাবে বাছাই করা ব্যক্তিদের নাম প্রায় চূড়ান্ত হয়েছে। শেষ মুহূর্তের যাচাই-বাছাই শেষে যেকোনো সময় এ পরিষদ ঘোষণা করা হতে পারে।
তবে প্রাথমিক তালিকায় থাকা সবাই শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদে যুক্ত হবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। তালিকার বাইরেও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হতে পারে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের বয়স এখনো ৩০ বছর হয়নি। দলটির অধিকাংশ নেতার বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। জেলা ও উপজেলা পর্যায়েও ৪০ বছরের বেশি বয়সি নেতার সংখ্যা কম। সব বয়সের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে গত কয়েক মাস ধরে উদ্যোগ নিয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় অবসরপ্রাপ্ত আমলা, জ্যেষ্ঠ আইনজীবীসহ বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের দলে যুক্ত করার চেষ্টা চলছে।
উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে এনসিপির নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, বিভিন্ন পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইতিহাস ও রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের কাজ অনেক দিন ধরেই চলছিল। এখন তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
তিনি বলেন, ‘আমাদের কমিটিতে যারা আসবেন, উপদেষ্টা পরিষদে তাদের নাম প্রায় চূড়ান্ত হয়েছে। আরও শেষ মুহূর্তের একটা যাচাই-বাছাই এই মুহূর্তে চলছে এবং আমরা আশা করছি যে যেকোনো সময় এটা ঘোষণা করা হবে।’
উপদেষ্টা পরিষদের উদ্দেশ্য ব্যাখ্যা করে সারোয়ার তুষার বলেন, রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি ও ধর্মসহ বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের দলে যুক্ত করে তাদের পরামর্শ অনুযায়ী দল পরিচালনা করতে চায় এনসিপি। উপদেষ্টা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য একটি কার্যপ্রণালি বিধিও তৈরি করা হচ্ছে, যা দলের গঠনতন্ত্রের অংশ হবে।
তিনি আরও বলেন, কার্যপ্রণালি বিধি অনুযায়ী উপদেষ্টারা দলের সঙ্গে যুক্ত থাকবেন এবং যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক পর্ষদকে পরামর্শ দেবেন। রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত পর্যালোচনা করে প্রয়োজন হলে তা পুনর্বিবেচনার সুপারিশ করার এখতিয়ারও থাকবে উপদেষ্টা পরিষদের।
সারোয়ার তুষারের ভাষ্য, দলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজনৈতিক পর্ষদের হাতেই থাকবে। তবে উপদেষ্টা পরিষদ কোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রয়োজন মনে করলে তা আবার রাজনৈতিক পর্ষদের কাছে পাঠাতে পারবে। এভাবেই নবীন ও প্রবীণের সমন্বয়ে দলকে এগিয়ে নিতে চায় এনসিপি।
তিনি জানান, প্রাথমিকভাবে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ২১ থেকে ২৫ জনের মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে তা বাড়িয়ে ৩০ বা ৩১ জন করা হতে পারে। তরুণদের নেতৃত্বে গড়ে উঠলেও এনসিপি সব বয়সের মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে যাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সম্মতির আভাস পাওয়া গেছে, তাদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত ব্যারিস্টার জাকি ওমর, সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনির উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ আইনজীবী সাইয়েদ আজহার কবির, অধ্যাপক ডা. শদরুল ইসলাম, ফ্রি থিংকার্স ফোরামের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা ইমাম চৌধুরী, লেখক ও সাংবাদিক মাসকাওয়াত আহসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ফজলুর রহমান মিলিটারি, নরওয়ের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস, ইসলামি চিন্তাবিদ শায়েখ আহমেদ বদরুদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর নিয়াজ আহমেদ জাবের, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ডাকসুর সাবেক এজিএস গোলাম মোস্তফা, ইসলামি চিন্তাবিদ অধ্যক্ষ মুফতি শাঈখ মুহাম্মাদ উছমান গনী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ম সা আমিন, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান, টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুস্তাহিদ হোসাইন, সাবেক উপাচার্য ড. মাকদুদ হেলালী এবং সাবেক আমলা মেজবাহ উদ্দীন।
এ ছাড়া আরও কয়েকজনের সঙ্গে আলোচনা হয়েছে। উপদেষ্টা পরিষদে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।



