Logo
Logo
×

রাজনীতি

দল চাইলে মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছি: ইশরাক হোসেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম

দল চাইলে মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছি: ইশরাক হোসেন

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যদি প্রয়োজন মনে করে তবে দলের স্বার্থে মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

মেয়র নির্বাচন করবেন কি না— এমন প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এখতিয়ারভুক্ত এবং তার একক সিদ্ধান্ত অনুযায়ী হবে। আমি যেটি বলেছি— ইতোপূর্বে ২০২০ সালে মেয়র নির্বাচন করেছি। আমার শুধু নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে যে তা নয়, দলের নির্দেশনা অনুযায়ী আমি দীর্ঘদিন নগরীর বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কাজ করে আসছি।

নগরীর সমস্যা সমাধানে নিজের কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের শুধু যে মৌসুমি কর্মসূচি হয়— বিষয়টি এমন নয়। আমাদের যে স্ট্রাকচারাল প্রবলেমগুলো রয়েছে, আমাদের যে কেন্দ্রীয় পরিকল্পনার অভাব এবং এতগুলো সংস্থা, তাদের সমন্বয়সহ নানাবিধ সমস্যা রয়েছে। এসব নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। তাই আমি বলেছি— আমি সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। যদি দল মনে করে আমার নির্বাচন করা প্রয়োজন, দলের স্বার্থে, তাহলে আমি শতভাগ প্রস্তুত রয়েছি। পাশাপাশি এটিও বলতে চাই— দল যদি অন্য যে কাউকেও মনোনয়ন দেয়, তবে আমার দলের প্রার্থীকে জেতানোর জন্যও আমি শতভাগ প্রস্তুত রয়েছি।

এর আগে সংবাদ সম্মেলনে বক্তব্যকালে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, আমি মাদককে নির্মূল করতে চাই— এই জায়গা থেকে পুরো দৃষ্টি সরিয়ে দেয়া হয়েছে। নিজের নিরাপত্তার জন্য বৈধ অস্ত্রটি হাতে রেখেছিলাম। কিন্তু নানা মহলে এই বিষয়টিকে ভিন্নভাবে প্রচার করা হয়েছে। আমি জমি দখল করতে যাইনি, চাঁদা উঠাতেও যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম।

ইশরাক বলেন, দেশের স্বনামধন্য গণমাধ্যমগুলো এমন বিষয় প্রচার করার ফলে মাদক নির্মূলের বিরুদ্ধে যে অভিযান তার সবকিছুই ধামাচাপা পড়ে গেছে। এই অবস্থায় আজ আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি। তার সঙ্গে আলোচনা করি এবং তাকে বলি- আপনি যে কাজগুলো করে চলেছেন, এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দল যাতে বিব্রত না হয় সেজন্য আমি পদত্যাগ করতে চাই। এখন থেকে আমি আরও বেশি সক্রিয় হয়ে মাঠে নামব, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।

গণমাধ্যমে ভিন্নভাবে খবর প্রচার প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রের শীর্ষ গণমাধ্যমগুলো এবং তাদের কর্তব্যক্তিদের কাছ থেকে আমার আশা ছিল— আমার এই কার্যক্রমে হয়তো তারা কিছুটা সাহস দেবে, অনুপ্রেরণা দেবে। যাতে পরবর্তীকে মাদকের অন্যান্য স্পটগুলোও এভাবে চিহ্নিত করতে পারি। এ সময় অভিযানের মাধ্যমে কোনো ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন