জামায়াতে যোগদানের ক্ষোভে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম
বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান করার ক্ষোভে সরকার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে কথা বলতে পারেন। প্রয়োজনে অপদার্থ, ব্যর্থ, অদক্ষ কর্মকর্তাদের শাসাতেও পারেন। কিন্তু সরকার বিমানবন্দরের ওই ঘটনাকে ইস্যু করে তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে মূলত রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষোভ প্রকাশ করেছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেটে আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন। আয়োজন করে ঢাকা মহানগরী জামায়াত।
মিথ্যা মামলা প্রত্যাহার এবং রিমান্ডের আদেশ বাতিল করে আখতারুজ্জামানকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, অন্যায়ের প্রতিবাদ করে আখতারুজ্জামান আবারও বীরত্বের সাহসিকতা দেখিয়েছেন।
জামায়াত-শিবিরকে গুপ্ত বলার আগে নিজেদের চেহারা আয়না দেখার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচিতে বিএনপির নেতারা লুকিয়ে থাকলেও জামায়াত-শিবির রাজপথে জীবন দিয়েছিল। রাজপথের কর্মসূচিতে বিএনপি নেতাদের পাওয়া যেত না। অনেকে মোবাইল পর্যন্ত বন্ধ রাখতো।
আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের নয় বরং সরকারের তলে-তলে যোগাযোগ ও সখ্যতা রয়েছে বলে দাবি করে তিনি আরও বলেন, এজন্যই আওয়ামী লীগ রাজপথে মিছিলের সুযোগ পাচ্ছে। পলাতক ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের জন্য সরকার এগিয়ে এলে বিরোধীদল সহযোগিতা করবে।
ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, ডাকসু ভিপি সাদিক কায়েম, উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন আরাফাত প্রমুখ। সমাবেশে শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড়-প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন গিয়ে শেষ হয়।



