Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী শক্তিকে’ আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী শক্তিকে’ আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ১৭ বছরে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী শক্তিকে’ আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। তিনি বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখাল সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের পর দেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কোনো স্থান নেই। গণহত্যার ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তির বিচার নিশ্চিত করা হবে। প্রয়োজন হলে বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।

তিনি বলেন, সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হোন। যেসব দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বিদেশে অবস্থান করছেন, তাদেরও দেশে ফিরিয়ে বিচার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি। তার মতে, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আইনি অধিকার অনুযায়ী আপিলের সুযোগও থাকছে।

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তি-নির্ভর স্লোগানের পরিবর্তে আদর্শ ও রাজনৈতিক চেতনা কেন্দ্রিক স্লোগানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা সামনে এনেছে।

সরকারের সাত মাসের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার রাজনৈতিক স্থিতিশীলতা, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কাজ করছে। এ অবস্থায় সরকারবিরোধী বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে তিনি দাবি করেন, অল্প সময়ের মধ্যে সরকার পতনের দাবিতে আন্দোলন বাস্তবসম্মত নয় এবং জনগণ এসব রাজনৈতিক কৌশল সম্পর্কে সচেতন।

সমাবেশে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন সভাপতিত্ব করেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন