ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখি দল এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন পর্যন্ত প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে। অনেক জায়গায় অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন, যিনি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং মহানগরী উত্তরের আমির। তিনি পূর্বে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। সাম্প্রতিক সময়ে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি ও পরিবেশবান্ধব ব্যাগ বিতরণের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখেছেন।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আবু সাদিক কায়েম। তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন। তিনি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং পরে সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তরুণ ভোটারদের সমর্থন আদায়ে তাকে সামনে রেখে দক্ষিণ সিটিতে প্রচারণা চালানোর পরিকল্পনা করছে জামায়াত।



