Logo
Logo
×

সারাদেশ

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

সম্প্রতি সিলেটে জনসভায় জামায়াতে ইসলামীর আমিরের ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বিএনপি’ মন্তব্যের জবাবে দলটির গণতান্ত্রিক চরিত্র নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াত গণতান্ত্রিক দল কি না, সেটি তাদের আমিরেরই বিবেচনা করা উচিত।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামায়াতে ইসলামীর আমির সাহেব তার দলের গঠনতন্ত্র ভালো করে পড়ুন। তাহলে কী ব্যবস্থা হবে, সেটা দেখা যাবে। তারা গণতান্ত্রিক দল কি না, সেটা তারাই বিবেচনা করবেন।’

তিনি বলেন, “বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় তাদের ভোট নিয়ে সংসদে দুই তৃতীয়াংশ আসন লাভ করে সরকার গঠন করেছে। বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। কিন্তু বিএনপিকে যারা ‘ফ্যাসিস্ট’ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের ‘মাইন্ড সেট’ এভাবে তৈরি হয়েছে।”

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, সরকারের অবস্থান আগেই জানানো হয়েছে। চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা থাকবে। তা সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, ‘এটা আমাদের করার কিছু নাই। এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন করবে। আর আমাদের যেহেতু স্থানীয় সরকারের বিষয় আছে, এ বিষয়টা আমরা মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

সরকারের দায়িত্ব গ্রহণের চার মাস ৩০ দিনের মধ্যে কৃষি খাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। প্রধানমন্ত্রী কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন। কৃষিকে লাভজনক করতে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশে সরকার কাজ করছে বলেও জানান তিনি।’

অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্যসচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুই দিনের সফরে সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে তিনি রংপুর সার্কিট হাউসে যান। পরে বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমি উদ্বোধন, পল্লী মেলা পরিদর্শন, বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, সুফলভোগীদের মধ্যে গাছের চারা, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন