Logo
Logo
×

রাজনীতি

বার্ষিক আয় বেড়েছে বিএনপির, ইসিতে হিসাব জমা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৭:০৮ পিএম

বার্ষিক আয় বেড়েছে বিএনপির, ইসিতে হিসাব জমা

নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিকভাবে এ হিসাব জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল।

দলটির জমা দেয়া প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে দলটির মোট ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। ফলে গত বছর দলটির খরচের চেয়ে আয় বেশি হয়েছে ৬ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার ৩২৫ টাকা।

আর্থিক বিবরণী থেকে জানা যায়, বছরের শুরুতে বিএনপির প্রারম্ভিক তহবিল বা স্থিতি ছিল ২১ কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৩৫ টাকা। আর বছর শেষে ব্যাংক গচ্ছিত ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার ৬৬০ টাকা এবং হাতে নগদ ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকাসহ বর্তমানে দলটির সর্বমোট চূড়ান্ত উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ৭ লাখ ৫১ হাজার ৩৬০ টাকা।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এ হিসাব জমা দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির কোষাধ্যক্ষ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও সহ-দপ্ত‌র সম্পাদক মনির হোসেন।

বিএনপির জমা দেয়া আয়ের হিসাব অনুযায়ী, আগের বছরের তুলনায় ২০২৬ সালে আয় ও ব্যয় দুইটাই বেড়েছে দলটির। সর্বশেষ অর্থবছরে তাদের মোট আয় হয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ১৯ লাখ টাকা। বর্তমানে বিএনপির দলীয় তহবিলে উদ্বৃত্ত বা জমা রয়েছে ৬ কোটি ৭ লাখ টাকা। এর আগে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিএনপির মোট আয় ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। একই সময়ে দলটির ব্যয় ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। তার আগের বছর ২০২৩ সালে বিএনপির আয় হয়েছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। ব্যয় হয়েছিল ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা।

সাধারণত দলের সদস্যদের নিয়মিত চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের দেয়া অনুদান এবং দলীয় মনোনয়ন ফরম বিক্রির অর্থ থেকে আয় দেখায় রাজনৈতিক দলগুলো। অন্যদিকে, দলের সারা বছরের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, প্রচারপত্র ও পোস্টার প্রকাশনা, কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয়গুলোর রক্ষণাবেক্ষণ খরচ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন এবং দুস্থ নেতাকর্মীদের সহায়তার খাতে ব্যয়ের হিসাব দেখায়।

প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলের জন্য প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দেয়া বাধ্যতামূলক। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে তাদের নিবন্ধন বাতিলের আইনি বিধান রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন