বিএনপি ক্ষমতায় এসেছে রক্ত ও আন্দোলনের বিনিময়ে: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে বিএনপি ক্ষমতায় এসেছে। তাই পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় রথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
রিজভী বলেন, বর্তমান সরকার স্বাধীনতা ও গণতন্ত্রের নিরাপত্তার প্রহরী হিসেবে কাজ করছে। তাই নানা ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় নেতাকর্মীদের পাহারাদারের মতো দায়িত্ব পালন করতে হবে। হিন্দু সম্প্রদায়ের উৎসবগুলোতে বিএনপি সবসময় পাশে থেকেছে, এবারও রথযাত্রায় একইভাবে সহযোগিতা করবে।
তিনি বলেন, আজ গোটা জাতি ঐক্যবদ্ধ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ সব সম্প্রদায়ের মানুষ বুঝতে পেরেছে, কারা বিভাজন সৃষ্টি করতে চেয়েছিল। সাম্প্রতিক নির্বাচন ও পূজা-পার্বণে সবার অংশগ্রহণ প্রমাণ করেছে, কোনো অপশক্তি আর জাতীয় ঐক্য ভাঙতে পারবে না।
প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড চালু করা হয়েছে। নদী-নালা খননের মাধ্যমে সেচ ও মৎস্য চাষে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কর্মসূচিতে প্রায় ৩০ লাখ শিশুকে টিফিন দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম ও ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল উপস্থিত ছিলেন।



