Logo
Logo
×

রাজনীতি

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:২৩ এএম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

চট্টগ্রাম নগরের শহীদ ওয়াসিম ফ্লাইওভারে (আখতারুজ্জামান ফ্লাইওভার) বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ফাইয়াজ তাজরিয়ান (২৫) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইয়াজ তাজরিয়ান চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য এবং হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ ওয়াসিম ফ্লাইওভারের ওপর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে ওই পথ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ফাইয়াজ তাজরিয়ান দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ এবং এনসিপির নেতা-কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এ ছাড়া ফ্লাইওভারে বিদ্যুৎ সরবরাহ থাকলেও বাতিগুলো বন্ধ ছিল। ফলে অন্ধকারে ফাইয়াজ বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে এই দুর্ঘটনার শিকার হন।

দলীয় সূত্রে জানা গেছে, ফাইয়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। মঙ্গলবারও তিনি দলের একটি মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং সামনের সারিতে থেকে স্লোগান দিয়েছিলেন। রাতেই সড়ক দুর্ঘটনায় তার এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও দলের নেতা-কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল জানান, কাভার্ড ভ্যানটি বিকল হয়ে পড়েছিল এবং সেটি মেরামতের কাজ চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উচ্চগতিতে আসা মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলে ছিলেন না। দুর্ঘটনার পর তিনি পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন