আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে যায় না: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:০২ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না। তিনি দাবি করেন, আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে এ দল গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না এবং বিগত ফ্যাসিবাদের সময়ও তা প্রমাণিত হয়েছে। ভবিষ্যতেও আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলবে না বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও সংবাদপত্রের স্বাধীনতার সংগ্রামে পাশে ছিলেন। ফ্যাসিবাদের আক্রমণের মুখে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ কাভার করেছেন, এজন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হলেও কিছু সংবাদপত্র মালিক সাংবাদিকদের ওপর অন্যায় আচরণ করছেন, যা তিনি নিন্দা জানান।
বেকার সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দিয়ে তিনি দৈনিক বাংলা ও দ্য টাইমসসহ বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো পুনরায় চালুর আহ্বান জানান। প্রয়োজনে যৌথ উদ্যোগে নতুন সংবাদমাধ্যম প্রতিষ্ঠার মাধ্যমে সাংবাদিকদের কর্মসংস্থান নিশ্চিত করার প্রস্তাব দেন।
বিএনপিকে একটি উদার ও গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ধর্ম, বর্ণ বা অন্য কোনো বিভাজনের পক্ষে নয়। অতীতে বিএনপি সরকারে থাকাকালে সাংবাদিক নির্যাতনের ঘটনা সবচেয়ে কম হয়েছে বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনকে ভয়াবহ দুঃশাসন আখ্যা দিয়ে মির্জা ফখরুল লেখক ও সাংবাদিকদের এ বিষয়ে কলম ধরার আহ্বান জানান। তিনি বলেন, ১৬ জুনের মতো কালো দিবস যেন আর কখনো রাষ্ট্রে ফিরে না আসে, তা নিশ্চিত করতে হবে।



