অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে মধ্যাহ্নভোজ করালেন ছাত্রদল নেতা আদিত্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:০৫ পিএম
সমাজের অবহেলিত ও কঠোর পরিশ্রমী পরিচ্ছন্নতাকর্মীদের পাশে দাঁড়িয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ছাত্রদল নেতা আদিত্য। তাঁর ব্যক্তিগত উদ্যোগে অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীর জন্য এক বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
আজ বেলা ১১টায় রাজধানীর শাহজাহানপুরে আদিত্যের নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রদল নেতা আদিত্য নিজে উপস্থিত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে খাবার পরিবেশন করেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। প্রতিদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে যে মানুষগুলো পুরো শহর পরিচ্ছন্ন রাখার কঠিন দায়িত্ব পালন করেন, তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
খাবারে অংশ নেওয়া পরিচ্ছন্নতাকর্মীরা এই মানবিক উদ্যোগে অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তাদের একজন আবেগ আপ্লুত হয়ে বলেন, "সাধারণত আমাদের কাজের সঠিক মূল্যায়ন হয় না। এভাবে বাসায় ডেকে এনে কেউ সম্মান দেখায় না। আদিত্য ভাইয়ের এই ভালোবাসা ও সম্মান আমাদের আজীবন মনে থাকবে।"
এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে ছাত্রদল নেতা আদিত্য বলেন, "রাজনীতি কেবল ক্ষমতা বা পদ-পদবির লড়াই নয়, রাজনীতি মানে মানুষের সেবা করা এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো। পরিচ্ছন্নতাকর্মীরা আমাদের সমাজের আসল নায়ক। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা একটি সুস্থ ও সুন্দর পরিবেশে বসবাস করতে পারি। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং একটু আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য এমন মানবিক কাজ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ছাত্রদলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত থেকে খাবার বিতরণে সহযোগিতা করেন।এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের ছোট বোন শাহিদা মির্জা সহ আরো অনেকে।



