ভোলায় নারী জামায়াতকর্মী গ্রেপ্তার, সামাজিকমাধ্যমে তোলপাড়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫০ এএম
ছবি : সংগৃহীত
ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নারীর নাম বিবি সাওদা (৩৭)। ফেসবুকে ভুয়া ফটোকার্ড শেয়ার ও জ্বালানি তেল সংকট নিয়ে একটি স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ভোলা পৌরসভার জামায়াতের নারী কর্মী।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তার মুক্তির দাবি জানিয়ে পোস্ট দিচ্ছেন। বিশেষ করে তার তিন বছর বয়সী প্রতিবন্ধী সন্তানের প্রসঙ্গ তুলে বিষয়টি মানবিকভাবে বিবেচনার আহ্বান জানানো হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম এ বিষয়ে ফেসবুকে লিখেছেন, “ভোলার জামায়াতকর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনা পুরনো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ। তিন বছরের বাকপ্রতিবন্ধী শিশুর মাকে এভাবে বিনা অপরাধে তুলে নেওয়া অমানবিক।” তিনি অবিলম্বে বিবি সাওদার মুক্তি এবং প্রতিহিংসামূলক রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানান।
তবে তাকে কোন মামলায় বা কী কারণে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।



