রাষ্ট্রপতির অভিসংশনসহ ৩ দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:১০ পিএম
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতির অভিসংশনসহ তিন দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার পর থেকে দলটির নেতা-কর্মীরা প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন। তারা জানান, সংসদের প্রথম অধিবেশনে জনতার দাবি তুলে ধরতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এনসিপির দাবিগুলো হলো—
১. গণভোটে প্রকাশিত মতামত অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে সংবিধান সংস্কার বাস্তবায়ন।
২. রাষ্ট্রপতির অভিসংশনের প্রক্রিয়া শুরু।
৩. জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।
দলটির দাবি, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র ও সংবিধানের সংস্কার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই এ কর্মসূচি নেওয়া হয়েছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয়েছে। অধিবেশনে নতুন স্পিকার হিসেবে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল নির্বাচিত হয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯ আসনে এবং সরকার গঠন করেছে। জামায়াত পেয়েছে ৬৮ আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিসসহ কয়েকটি দল সংসদে প্রতিনিধিত্ব করছে।



