ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে রাঙামাটি জেলা কমিটির আরও সাতজন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদত্যাগপত্র প্রকাশিত হলে বিষয়টি সামনে আসে।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন— যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা, সংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা এবং সদস্য সুলেখা চাকমা।
তারা লিখিত পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, “২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে সরে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি তার স্বতন্ত্র আদর্শ ত্যাগ করে একটি বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করেছে। সেই আদর্শের সঙ্গে থাকা আর সম্ভব নয়।”
এনসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা তার পদত্যাগপত্রে লিখেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে এনসিপি একসময় বহুত্ববাদী বিশ্বাসী দল ছিল। কিন্তু নির্বাচনে জোট গঠনের মাধ্যমে সেই আদর্শ থেকে সরে গেছে। তাই আজ থেকে এনসিপির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিদায় নিলাম।”
এ বিষয়ে জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, তিনি পদত্যাগের খবর শুনেছেন, তবে লিখিত আবেদন পাননি। সাংগঠনিকভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। এই সিদ্ধান্তের কারণে নির্বাচনের আগে এনসিপি থেকে কয়েকজন নেত্রী, যেমন ডা. তাসনিম জারা ও সামান্থা শারমিন, পদত্যাগ করেছিলেন।



