ছবি : সংগৃহীত
নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও তুলে ধরেন।
আসিফ মাহমুদ সজীব জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগের সময় তিনি মন্ত্রিপরিষদ বিভাগে আয় ও সম্পদের পূর্ণ বিবরণ জমা দিয়েছিলেন। তবে অভিযোগের জল্পনা অব্যাহত থাকায় তিনি নিজের ও পরিবারের ব্যাংক হিসাব জনগণের সামনে প্রকাশ করেছেন।
তিনি বলেন, তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫ লাখ ৪৭ হাজার টাকা জমা থাকলেও ১০ লাখ টাকার সার্ভিস লোনের কারণে বর্তমানে দেনায় রয়েছেন। তার মায়ের একটিমাত্র অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার টাকা, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা। নিজের দুটি অ্যাকাউন্টে মোট ৯ লাখ ৭৮ হাজার টাকার বেশি জমা রয়েছে।
সাবেক এই উপদেষ্টা জানান, তিনি দায়িত্বে থাকা ১৬ মাসে বেতন ও ভাতা বাবদ প্রায় ৮৫ লাখ টাকার লেনদেন করেছেন। সব মিলিয়ে তার দুটি অ্যাকাউন্টে বর্তমানে প্রায় ৯ লাখ ৭৮ হাজার টাকা রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, ব্যাংক হিসাব প্রকাশের মাধ্যমে দুর্নীতির অভিযোগে কোনো বিভ্রান্তি বা প্রশ্নের অবকাশ থাকবে না।



