বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল
বগুড়া অফিস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে মুঠোফোনে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার সকালে দায়িত্বশীল সমাবেশের মাধ্যমে প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শহর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে প্রার্থী করা হয়েছে। জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে বলেও তিনি জানান।
এর আগে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এই আসন থেকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল প্রায় এক লাভ ভোট পেয়ে হেরে যান।
পরে তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে, উপনির্বাচনে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে প্রার্থী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি শুক্রবার বেলা তিনটার দিকে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। এছাড়া পোস্টাল ভোটার রয়েছেন ৩ হাজার ৭৩৪ জন।



