বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে ফোনে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, প্রধানমন্ত্রী আমিরে জামায়াতের সাময়িক অসুস্থতার খবর শুনে কুশল জিজ্ঞেস করেন এবং ফোনে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। পরে তিনি ফোনে ডা. শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় জামায়াত আমির প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমাদের আমির তাকে সপরিবারে, তার স্ত্রী ও কন্যাসহ ইফতারে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন। উভয়কেই আমরা দাওয়াতপত্র দিয়েছি, যা তিনি গ্রহণ করেছেন।”
উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দেওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দুপুরে তিনি বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারতও করেন।



