Logo
Logo
×

রাজনীতি

ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন, দলীয় প্রতীকের সিদ্ধান্ত সংসদে: মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন, দলীয় প্রতীকের সিদ্ধান্ত সংসদে: মির্জা ফখরুল

মেয়াদ অনুযায়ী পর্যায়ক্রমে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় সংসদে।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি সংসদেই নির্ধারিত হবে। তিনি আরও জানান, এতদিন সিটি করপোরেশনগুলোতে সরকারি কর্মকর্তারা দায়িত্বে ছিলেন। রাজনৈতিক ব্যক্তিরা প্রশাসকের দায়িত্বে এলে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে এবং সেবার মান উন্নত হবে বলে সরকারের বিশ্বাস। সে কারণেই রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দলীয় প্রতীকে নির্বাচন হওয়া উচিত কি না— এ বিষয়ে নিজের মতামত জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিগত মতামতের সুযোগ নেই; দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই পদক্ষেপ নেওয়া হবে। আগামী ১২ মার্চ বসতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

মন্ত্রী জানান, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোতেই আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকার আগেও দুটি সিটিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যায়ক্রমে অন্যগুলোর নির্বাচন সম্পন্ন হবে।

স্থানীয় সরকার নির্বাচন কতদিনের মধ্যে শেষ হবে— এ প্রশ্নে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। একেকটির মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের মতো সিটি করপোরেশন নির্বাচনও ধারাবাহিকভাবে চলবে।

এর আগে স্থানীয় সরকার বিভাগের কার্যালয়ে প্রশাসকরা যোগদানপত্র জমা দেন। নতুন নিয়োগপ্রাপ্ত ছয় প্রশাসক মশা নিধন, যানজট নিরসন, সড়ক মেরামত ও নাগরিক ভোগান্তি কমাতে দ্রুত কাজ শুরুর অঙ্গীকার করেছেন। তারা জানান, জনগণের সেবা নিশ্চিত করতে প্রাথমিকভাবে ৬০ দিনের কর্মসূচি হাতে নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন