জামায়াত ১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ পিএম
ছবি : সংগৃহীত
সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ড. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের বিপরীতে কোনো কার্যক্রম হলে জামায়াত ১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে। তিনি জানান, একটি দায়িত্বশীল বিরোধীদল হিসেবে দেশের অগ্রগতি ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে তাদের দল।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে ইয়াতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক মানবতার জন্য জনগণের ক্ষতি হবে এমন কোনো পরিস্থিতি সরকারের কিংবা বিরোধীদলের পক্ষ থেকে ঘটতে দেওয়া হবে না। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে বিরোধীদল প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত থাকবে।
তিনি আরও বলেন, জামায়াত রাজনৈতিক দল হিসেবে প্রতিটি ভালো কাজে সরকারের পাশে থাকবে। তবে প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলা হবে, যদিও তাদের প্রত্যাশা— এমন পরিস্থিতি যেন তৈরি না হয় যেখানে প্রতিরোধের প্রয়োজন পড়ে।
বিরোধীদল সরকারের সঙ্গে সহযোগিতা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থ বিপন্ন হলে জনগণের পক্ষে জবাবদিহি নিশ্চিত করতে তারা সজাগ থাকবে।



