ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তিনি (তারেক রহমান) আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।” এ সময় মঞ্চে তারেক রহমান উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল উল্লেখ করেন, বিগত নির্বাচন প্রমাণ করেছে যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যেমন ঐক্যবদ্ধ, তেমনি দেশের ১৮ কোটি মানুষও আজ ঐক্যবদ্ধ। তিনি বলেন, নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।



